

বড়পর্দায় আসছে ‘সোজন বাদিয়ার ঘাট’ পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্য ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন তানভীর মোকাম্মেল। ছবির শুটিং শুরু হয়েছে গোপালগঞ্জের চান্দার বিল অঞ্চলে। নির্মাতা জানিয়েছেন, বর্তমানে ছবির প্রায় ষাট ভাগ শুটিং সম্পন্ন হয়েছে।
সোজন বাদিয়ার ঘাটের চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে রয়েছেন রাকিবুল হাসান আর শিল্পনির্দেশক ও প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন উত্তম গুহ।
চিত্রলেখা গুহ কাস্টিং ডিরেক্টর ও পোশাক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন। এছাড়া সংগীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু। স্থিরচিত্র ও বিহাইন্ড দ্য সিন শুট করছেন অপরাজিতা সংগীতা ও সানু মাণিক।
ছবির সহ-প্রযোজক হিসেবে রয়েছেন কবি জসীমউদ্দীনের কন্যা হাসনা জসীমউদ্দীন মওদুদ।
দুই ঘণ্টার এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস (সোজন) ও রাদিফা নারমিন (দুলী)। এছাড়া ছোট সোজন চরিত্রে অভিনয় করেছেন দিহান, ছোট দুলী চরিত্রে শ্রেয়া বৈদ্য। অন্যান্য চরিত্রে রয়েছেন চিত্রলেখা গুহ, উত্তম গুহ প্রমুখ।
নির্মাতা জানিয়েছেন, চলতি বছরের নভেম্বর মাসে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।