

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে ১৭ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২-এর ধারা ১০ (২) অনুসারে তানজিম ইবনে ওয়াহাবকে পুনরায় এক বছরের জন্য মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের জারি করা আদেশে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি জাতীয় জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। তবে এ নিয়োগের ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না। অর্থাৎ চুক্তিভিত্তিক দায়িত্ব পালনের পুরো সময় নির্ধারিত শর্ত মেনে তাকে দায়িত্ব পালন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে তানজিম ইবনে ওয়াহাবের বর্তমান দায়িত্বের মেয়াদ আরও এক বছর বাড়ল।