

টালিউড অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গাঙ্গুলীর সংসারে এসেছে নতুন অতিথি। প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হয়েছেন সোহিনী। রোববার (২০ সেপ্টেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শোভন ও সোহিনী। এক পোস্টে তারা লেখেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’
দুই মাস আগে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন সোহিনী। যদিও তার আগেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিবাহবার্ষিকীর বিশেষ মুহূর্তের কয়েকটি ছবিতে সাদা কুর্তি, খোলা চুলে লাল ফুল এবং স্ফীতোদর অবস্থায় দেখা গিয়েছিল তাকে। অন্যদিকে শোভনকে দেখা যায় আকাশি রঙের পাঞ্জাবিতে।
সেই পোস্টে তারকা দম্পতি জানিয়েছিলেন, তাদের দুইজনের সংসার এবার তিনজনের পথে এগোচ্ছে।
এর আগে ২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সোহিনী ও শোভন গাঙ্গুলী। বিয়ের পর থেকেই নিজেদের ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছেন তারা। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সোহিনী লিখেছিলেন, ‘আগলে রাখব, যত্নে থাকব।’
দুই বছরের দাম্পত্য জীবনের পর এবার তাদের পরিবারে যোগ হলো নতুন সদস্য। পুত্রসন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভক্ত ও সহকর্মীরা অভিনন্দন জানাচ্ছেন।