

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসের মূল ফটকে তালা দেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়।
এর ফলে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঠদান, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ক্যাম্পাসের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতেও ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে আবারও উপাচার্য পদে বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ এবং ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’।
অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব গ্রহণের ৫৬ দিনের মাথায় সোমবার তাকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চুয়েট আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুসারে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে—সেই সময় পর্যন্ত তাঁর নিয়োগ বহাল থাকার কথা বলা হয়েছে।
শিক্ষার্থীদের পাশাপাশি চুয়েট শিক্ষক সমিতিও অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানিয়েছে। সোমবার শিক্ষক সমিতির জরুরি সভায় উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবিরও শিক্ষক সমিতির সাধারণ সভায় সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠদান, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকায় চুয়েটের নিয়মিত শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী ও শিক্ষক সমিতির অবস্থানের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগ কার্যকর হওয়ার কথা রয়েছে। ফলে উপাচার্য পরিবর্তন নিয়ে ক্যাম্পাসে তৈরি হওয়া পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।