

দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও অন্যান্য বিষয় নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য।
রাষ্ট্রপতি বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার মান ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন জরুরি। শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক কর্মক্ষেত্রেও নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারেন।
রাষ্ট্রপতি বলেন, যে ধরনের শিক্ষা শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে পারে না এবং বেকারত্বের ঝুঁকি বাড়ায়, সেই শিক্ষাব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে।
এ ক্ষেত্রে প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এর মাধ্যমে শিক্ষার্থীদের চাকরির বাজারের উপযোগী করে গড়ে তোলা সম্ভব হবে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম নিয়েও রাষ্ট্রপতি দেশ-বিদেশের কর্মসংস্থানের চাহিদা বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছিলেন। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রযুক্তি, কারিগরি ও স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়ন কোর্স চালুর কথাও তিনি বলেছিলেন।
সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।
রাষ্ট্রপতি ওই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও পাবিপ্রবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।