

দলীয় পদ প্রাপ্তিকে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলার সোমভাগ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলী সহ কয়েক জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ধামরাই উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন। মামলার অন্যান্য আসামিরা হলেন—মামনুর রশিদ, মেরিনা আক্তার বিনা, আয়েশা আক্তার ডলি এবং অজ্ঞাতনামা আরও ১১ থেকে ১২ জন। এ বিষয়ে ফরিদা ইয়িাসমিনের বক্তব্যের একটি ভিডিও ক্লীপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
গতকাল রবিবার ২0 সেপ্টেম্বর নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় উপস্থাপিত অভিযোগ এবং ফরিদা ইয়াসমিনের বক্তব্য সূত্রে জানা যায়, গত ২ জুলাই বানেশ্বর ব্রিজের পাশে রুস্তম আলীসহ কয়েকজন ব্যক্তি ফরিদা ইয়াসমিনের গতিরোধ করেন। উপজেলা মহিলা দলের সভাপতির পদ পাওয়াকে কেন্দ্র করে এইচ এম রুস্তম আলী ফরিদা ইয়াসমিনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি, মিথ্যা মামলায় ফাঁসানো এবং দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট রাতে ফরিদা ইয়াসমিনকে ফোন করে এক ব্যক্তি নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে হুমকি দেন। পরে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে তার বাড়িতে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পরিচয়পত্র দেখাতে না পেরে সেখান থেকে চলে যান ।
ফরিদা ইয়াসমিন আরও বলেন, “দলীয় পদ পাওয়ার পর থেকেই আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দেওয়ায় আমাকে হুমকি, হয়রানি ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আমি আদালতের আশ্রয় নিয়েছি। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।”
অভিযোগের বিষয়ে সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলী বলেন, ‘‘শুনেছি আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্যই মামলাটি করা হয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘ফরিদা আমাদের এলাকা থেকে ফ্যামেলি কার্ডের কথা বলে মহিলাদের কাছ থেকে ১০০ টাকা ও আইডি কার্ড নেওয়ার অভিযোগ পেয়ে এমপি সাহেবকে বিষয়টি অবগত করি, সেই রাগেই হয়তো তিনি মামলাটি করেছেন।’’