

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হচ্ছিল। এ সময় আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আহত কর্মকর্তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।