
ঢাকার ধামরাইয়ে একটি কাভার্ড ভ্যান ও একেএইচ গার্মেন্টস এর একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানের চালক আবু বকর সিদ্দিক ঘটনাস্থলেই নিহত হয়। এ দুর্ঘটনায় আরও অন্তত: তিন-চার জন আহত হয়েছে বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গ্রাফিক্স টেক্সটাইলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে শ্রীরামপুর গ্রাফিক্স টেক্সটাইলের সামনে ঢাকা আরিচা মহাসড়কে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ম- ১৪-০২৩৫) এর সাথে একেএইচ গার্মেন্টস এর একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক আবু বকর সিদ্দিক ঘটনাস্থলেই নিহত হয় এবং আরও তিন-চার জন আহত হয়। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। নিহত চালক আবু বকর সিদ্দিক নেত্রকোনা জেলার সদর থানার নূর আলমের পুত্র।

লাশ উদ্ধার করছে ধামরাই ফায়ার সার্ভিস
ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহতের লাশ গোলড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোলড়া (মানিকগঞ্জ) হাইওয়ে থানার ওসি মো: সেলিম মাতুব্বার দুর্ঘটনা ও ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।