
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল বিবেচনায় ঢাকার ধামরাই উপজেলায় পাসের হারের দিক থেকে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে আফাজ উদ্দিন কলেজ। অন্যদিকে, পাসের হারের দিক থেকে সবচেয়ে পেছনে তথা তলানিতে রয়েছে যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির এবারের ফলাফল শুধু হতাশাব্যঞ্জকই নয়, বরং রীতিমতো অসন্তোষজনক।
ধামরাই উপজেলার ১১টি কলেজের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার পাসের হার এবং জিপিএ-৫—দুই দিক থেকেই উপজেলায় অনন্য উচ্চতায় রয়েছে আফাজ উদ্দিন কলেজ। এই প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৫১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৬২ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৯.৩৬ শতাংশ। একই সঙ্গে কলেজটি থেকে ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
তালিকার দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৭ জন। পাসের হার ৬৮.৫২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে ভালুম আতাউর রহমান খান কলেজ। এই প্রতিষ্ঠানটির ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৬ জন, যার পাসের হার ৬২.৩৪ শতাংশ। এই কলেজ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
চতুর্থ অবস্থানে থাকা প্রফেসর ড. এম এ মান্নান কলেজ থেকে ৩২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৯ জন, পাসের হার ৫৯.৩৮ শতাংশ। পঞ্চম অবস্থানে রয়েছে ধামরাই হার্ডিঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ২৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৩ জন, পাসের হার ৫৮.১৩ শতাংশ। ষষ্ঠ অবস্থানে থাকা নবযুগ কলেজের ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭ জন, পাসের হার ৪৮.২১ শতাংশ।
অন্যদিকে, শিক্ষার্থী সংখ্যার দিক থেকে ধামরাই উপজেলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ধামরাই কলেজ পাসের হারে রয়েছে সপ্তম অবস্থানে। এই কলেজ থেকে সর্বোচ্চ ১ হাজার ১৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫০১ জন। পাসের হার ৪২.৪৯ শতাংশ হলেও প্রতিষ্ঠানটি থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
তালিকার পরবর্তী অবস্থানগুলোতে থাকা কলেজগুলোর ফল সন্তোষজনক নয়। অষ্টম অবস্থানে থাকা আমিন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২৭ জন, পাসের হার ৩৩.৬৯ শতাংশ। নবম অবস্থানে থাকা সুয়াপুর নান্নার স্কুল অ্যান্ড কলেজের ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯ জন, পাসের হার ২১.৪৩ শতাংশ। দশম অবস্থানে রয়েছে ধামরাই মডেল কলেজ; এখান থেকে ৩৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৭৮ জন, পাসের হার ২০.২১ শতাংশ।
সর্বশেষ তথা অসন্তোষজকন ও হতাশাব্যঞ্জক ফলাফল নিয়ে ১১তম অবস্থানে রয়েছে যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পেরেছে মাত্র ৪ জন। পাসের হার মাত্র ১৬.৬৭ শতাংশ।
সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ধামরাই উপজেলার কলেজগুলোর মধ্যে পাসের হারের এক বিশাল ব্যবধান তৈরি হয়েছে। যেখানে শীর্ষ প্রতিষ্ঠান প্রায় ৯০ শতাংশ পাসের হার অর্জন করেছে, সেখানে উপজেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশেরও নিচে নেমে এসেছে। এমনকি সর্বোচ্চ পরীক্ষার্থী থাকা সরকারি ধামরাই কলেজের পাসের হারও তুলনামূলকভাবে বেশ কম, যা উপজেলার শিক্ষার সার্বিক মান নিয়ে ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের।