

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তি সরাসরি জড়িত তাই এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আশকোনায় অবস্থিত হজক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী আরও বলেন, চলতি বছর হজ বর্তমান সরকারের জন্য প্রথম আয়োজন। তাই অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, কার্যকর ও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদেরকে নিজের পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে। এ বছরের হজ ব্যবস্থাপনায় যে সকল দপ্তর ও সংস্থা ভালো সেবা দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
সভায় হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরসমূহ তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং সুষ্ঠু ও সাবলীল হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দেন।
এ সময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাউদিয়া, ফ্লাইনাসসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
–