
বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র মধু পূর্ণিমা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মধু পূর্ণিমা উপলক্ষে রাজরু বৌদ্ধ বিহার, উজানী পাড়া বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকারা সমবেত হন। এ সময় তারা বিহারাধ্যক্ষদের মধু, ফলমূল ও বিভিন্ন ধরনের পানীয় দান করেন।
পরে বিহারগুলোতে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণসহ ধর্মীয় নানা আচার পালন করা হয়। বিহারাধ্যক্ষরা মধু পূর্ণিমার ধর্মীয় গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন। একই সঙ্গে দায়ক-দায়িকারা ধর্মীয় প্রার্থনায় অংশ নিয়ে দেশ ও বিশ্ববাসীর শান্তি, কল্যাণ ও মঙ্গল কামনা করেন।
এদিন বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে ভক্তরা বিভিন্ন ধরনের আহারও দান করেন। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হচ্ছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, বহু বছর আগে মধু পূর্ণিমার দিনে একটি বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে এবং একটি বানর মৌচাক থেকে মধু নিয়ে তপস্যারত বুদ্ধের কাছে নিবেদন করেছিল। সেই ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা পালন করে থাকেন।
মধু পূর্ণিমাকে ঘিরে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও দান-ধ্যানের আয়োজন করা হয়েছে।