
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সংসদ সদস্যরা। এ সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন এমপিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার (ইসিআই) সদর দপ্তরের দিকে মিছিলটি বের করেন বিরোধী দলের নেতারা। ভোট চুরি এবং ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, মিছিলকে ঘিরে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয় পর্যন্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন পয়েন্টে বসানো হয় ব্যারিকেড এবং আগে থেকেই বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।
মিছিলটি নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী দলের সংসদ সদস্যকে আটক করে।
আকাশবাণী ভবন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদের মোতায়েন করা হয়েছিল।
সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবেই এদিনের মিছিল আয়োজন করা হয়। বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার কারণে ভোটাধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ইন্ডিয়া ব্লকের নেতারা এসআইআর ইস্যুতে নিজেদের অবস্থান ও উদ্বেগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও তুলে ধরতে পারেন বলে জানিয়েছে দ্য হিন্দু।
প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর ১৯টি বিরোধী দলের বৈঠকের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।