
চট্টগ্রামের ইস্পাহানি এলাকায় ছিনতাইকারীকে আটক করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আল আমিন সরদার চট্টগ্রাম মহানগর পুলিশের পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত ছিলেন। ২০২২ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি এক সন্তানের বাবা।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
সিএমপির মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে আল আমিন ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় এক ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালানোর সময় একটি বাস তাকে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হলে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে আল আমিনের মৃত্যু হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।