

গরমের সময়ে চুলপড়ার সমস্যা অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে প্রধান কারণ হলো ঘাম, ধুলাবালি এবং মাথার ত্বকের আর্দ্রতা কমে যাওয়া। প্রখর রোদে চুলের গোড়া নরম হয়ে গিয়ে ঘামের কারণে ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ে যা চুলপড়ার অন্যতম কারণ।
গরমে বাইরে বের হলে চুলের গোড়ায় ঘাম জমে, যার ফলে চুল দুর্বল হয়ে পড়ে। এছাড়া এই সময়ে শরীরের পানিশূন্যতা সমস্যা চুলপড়াকে আরও বাড়িয়ে দেয়। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন বাইরে বের হওয়ার সময় ছাতা কিংবা টুপি ব্যবহার করার এবং প্রচুর পরিমাণে পানি পান করার।
গরমে চুলপড়া রোধে কিছু কার্যকর প্রতিকার :
শ্যাম্পু ও কন্ডিশনার: নিয়মিত শ্যাম্পু ব্যবহার করুন, তবে রাসায়নিক উপাদানযুক্ত শ্যাম্পু ও কন্ডিশনারের ব্যবহার এড়িয়ে চলুন। এগুলো চুলের ক্ষতি করতে পারে।
পর্যাপ্ত ঘুম: গরমে ক্লান্তি বেশি অনুভূত হয়, তাই ভালো করে ঘুমানো জরুরি। কম ঘুমানোর ফলে চুলের ক্ষতি হতে পারে।
চিরুনি ব্যবহার: বারবার কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ান। এটি স্ক্যাল্প সুস্থ রাখবে এবং চুলপড়া কমাবে।
এছাড়া গরমে চুলের জন্য কিছু ঘরোয়া উপায়ও রয়েছে :
মেথি ও নারিকেল তেল: মেথি সারারাত ভিজিয়ে রেখে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। এটি চুলের গোড়া শক্ত করবে।
পেঁয়াজের রস: পেঁয়াজের রস চুলের পুনর্গঠনে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। সপ্তাহে দুদিন এটি মাথার ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল: এটি মাথার ত্বকের জ্বালাপোড়া কমায় এবং পিএইচ ভারসাম্য বজায় রাখে। তাজা অ্যালোভেরা জেল মাথায় লাগিয়ে ৪০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
টকদই ও লেবুর রস: টকদই চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং খুশকি দূর করে। লেবুর রসের সঙ্গে এটি চুলে লাগালে গোড়া মজবুত হয়।
আমলকী: আমলকী চুলের যত্নে অত্যন্ত কার্যকর কারণ এতে প্রচুর ভিটামিন-সি থাকে যা কোলাজেন তৈরিতে সাহায্য করে।
এসব উপায়গুলো মেনে চললে গরমের দিনে চুলের ক্ষতি কমানো সম্ভব।