‘প্রিন্স’-এর টিজার নিয়ে হইচই অনিশ্চয়তার পর অবশেষে মুক্তি পেল ঈদ উপলক্ষে আসা নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-এর টিজার -ছবি : সংগৃহীত
অনিশ্চয়তার পর অবশেষে মুক্তি পেল ঈদ উপলক্ষে আসা নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-এর টিজার। বৃহস্পতিবার দুপুর একটার দিকে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজার যা নির্মাতারা ‘প্রি-ব্লাস্ট’ হিসেবে উল্লেখ করেছেন। টিজারে দেখা গেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধজগতের চিত্র। সেই সঙ্গে হাজির হয়েছেন শাকিব খান, যিনি গ্যাংস্টারের চরিত্রে লম্বা চুল ও সানগ্লাস পরে প্রতিপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে ধ্বংস করছেন। অ্যাকশন এবং উত্তেজনার ছোঁয়া পুরো টিজার জুড়ে। একটি অংশে শাকিবের অন্যরকম চেহারা দেখা যায় ছোট চুল এবং ভিন্ন লুক। এটি কি চরিত্রের পূর্ববর্তী গল্প নাকি দ্বৈত চরিত্র তা স্পষ্ট করা হয়নি। টিজারে ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকেও দেখা যায়। এছাড়া শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুরও ঝলক রয়েছে। টিজারের শেষ অংশে শোনা যায় প্রিন্সের সংলাপ, আমার সাথে যে ধান্ধা করবে তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, সিনেমাটি নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত গ্যাংস্টারের জীবন অবলম্বনে তৈরি কিন্তু পরিচালক আবু হায়াত মাহমুদ তা স্পষ্ট করেছেন যে ‘প্রিন্স’ কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়। এটি সম্পূর্ণ একটি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা। ছবিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ এক ঝাঁক অন্যান্য অভিনয়শিল্পী। শুটিং হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি ভারতে। টিজারের প্রকাশই দর্শকদের মধ্যে উত্তেজনার ঢেউ সৃষ্টি করেছে বিশেষ করে শাকিব খানের অ্যাকশন দৃশ্য ও দ্বৈত চরিত্রের সম্ভাবনা নিয়ে কৌতুহল বৃদ্ধি পেয়েছে।