
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান উপস্থিত ছিলেন।
একই সফরে বাংলাদেশের প্রতিনিধিদল আটলান্টিক কাউন্সিল এবং জাইকা-এর সঙ্গেও পৃথক বৈঠক করে।
এছাড়া ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেন অর্থমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকগুলোতে মূলত আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার ও ব্যবসায়িক মহলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে।