

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিয়েছে সাগর সরওয়ারের পরিবার।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগটি জমা দেন সাগর-রুনি হত্যা মামলার বাদী নওশের রোমান।
অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনার রহস্য উদঘাটন কিংবা বিচার নিশ্চিত হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, প্রথমে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তদন্ত করে। পরবর্তী সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তদন্তের দায়িত্ব পেলেও মামলার কোনো কার্যকর সুরাহা হয়নি। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়।
পরিবারের অভিযোগ, পিবিআই তদন্তের দায়িত্ব নেওয়ার পরও দীর্ঘ সময় অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন কিংবা জড়িতদের শনাক্ত করার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়নি।
এতে আরও বলা হয়, পিবিআইয়ের তদন্ত কার্যক্রম শুরুর পরও প্রায় দুই বছর সময় পার হতে চলেছে। কিন্তু এখনো হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
সাগর সরওয়ারের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকাণ্ডটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এ জন্য অভিযোগটি আনুষ্ঠানিকভাবে রেজিস্টারভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে পরিবার।
উল্লেখ্য, ২০১২ সালের ফেব্রুয়ারিতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর থেকেই দ্রুত বিচার ও প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করার দাবি জানিয়ে আসছেন তাদের স্বজন ও সহকর্মীরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটির তদন্ত ও বিচার নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।