
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তেল পাম্পে মশারি টানিয়ে রাত্রিযাপনের একটি ছবি আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এমন তথ্য জানিয়েছে রিউমার স্ক্যানার।
সংস্থাটির ফ্যাক্টচেক টিম জানায়, ছবিটি বাস্তব ঘটনার প্রতিফলন নয়। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করে অনলাইনে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে।
তাদের বিশ্লেষণে দেখা গেছে, ছবিটির ভিজ্যুয়াল বৈশিষ্ট্য ও উপস্থাপনা এআই-নির্মিত কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ফ্যাক্টচেকিং সংশ্লিষ্টরা আরও জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-এর পর থেকে দেশকে কেন্দ্র করে ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং ফেসবুক পেইজের মাধ্যমে ছড়ানো হচ্ছে।
বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং নতুন সরকারকে লক্ষ্য করে নানা ধরনের মিথ্যা তথ্য প্রচারের ঘটনাও শনাক্ত হয়েছে।
এছাড়া এক প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে, তারেক রহমান ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি গুজবের শিকার হয়েছেন। অন্যদিকে দল হিসেবে সবচেয়ে বেশি অপতথ্যের মুখে পড়েছে বিএনপি।
গুজব ও ভুয়া খবর প্রতিরোধ করে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে রিউমার স্ক্যানার নিয়মিত কাজ করে যাচ্ছে।