

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম বেপারী এবং তার পরিবারের সদস্যদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশনা চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজাতুল কুবরা এই রিট আবেদন করেন।
এরই মধ্যে বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্তাধীন থাকায় আদালত আব্দুস সালাম বেপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। পাশাপাশি তাদের এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য তদন্তকারী সংস্থাকে সরবরাহ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)–এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এর আগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ও অর্গানাইজড ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. আশরাফুল ইসলাম অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আব্দুস সালাম বেপারী, তার স্ত্রী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই দেশি-বিদেশি মুদ্রা পাচারের মাধ্যমে কানাডাসহ বিভিন্ন দেশে সম্পত্তি গড়েছেন বলে অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রা বন্ধ করা এবং সংশ্লিষ্ট আর্থিক তথ্য সংগ্রহ করা জরুরি বলে উল্লেখ করা হয়েছে।