‘ক’ তালিকায় নাম থাকলেও স্বীকৃতি মেলেনি মুক্তিযোদ্ধা সৈয়দ আলী আকবরের, হতাশায় পরিবার
ধামরাই প্রতিনিধি
/ ১২৭
বার ভিউ
আপডেটঃ
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন
শেয়ার
ঢাকার ধামরাই উপজেলায় ’ক’ তালিকাভুক্ত মৃত সৈয়দ আলী আকবর এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পাওয়ায় চরম হতাশা প্রকাশ করেছে তার পরিবার।
জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রতিবেদনে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সৈয়দ আলী আকবরের নাম ক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। উক্ত তালিকায় স্বাক্ষর করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রহমান খান, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডার কার্যালয়ের প্রতিনিধি সদস্য মেরাজ খান, সদস্য মোহাম্মদ আলী, আবুল কালাম আজাদ (উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি) এবং আলহাজ্ব এম এ মালেক (মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা-২০ ও সভাপতি, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি)।
সংশ্লিষ্ট কমিটির স্বাক্ষরিত ওই তালিকা প্রকাশের পরও তিনি চূড়ান্তভাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি বলে অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যরা জানান, বিষয়টি নিয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে পরিবারে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
পরিবারের এক সদস্য বলেন, “আমার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। ক তালিকায় নাম থাকা সত্ত্বেও তিনি স্বীকৃতি পাননি। রাজনৈতিক কারণেই তাকে বঞ্চিত করা হয়েছে বলে আমরা মনে করি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও যথাযথ স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়েছে, যেন সৈয়দ আলী আকবরকে যথাযথ যাচাই-বাছাই শেষে মুক্তিযোদ্ধা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়।