
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নববর্ষের ঐকতানে গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভা আয়োজন করা হয়।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।
এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নববর্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা এবং মেলা আয়োজনসহ নানা কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানগুলোকে সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন করা হয়।