
জাতীয় সংসদে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল সংশোধিত আকারে পাসকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র উত্তেজনা ও বিতর্কের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে বিরোধী দলের সদস্যদের ওয়াকআউট এবং সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
বিলটি নিয়ে আলোচনার সময় বিরোধী দলের পক্ষ থেকে সংশোধনী প্রক্রিয়া ও পাস হওয়া নিয়ে আপত্তি জানানো হলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেন। বক্তব্য চলাকালে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ হইচই করলে স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট। এখানে অসহিষ্ণুতা চলবে না। ধৈর্য ধরে শুনতে হবে।
স্পিকারের এই মন্তব্যের পর সংসদে উত্তেজনা আরও বেড়ে যায় এবং জোরে চিৎকার-চেঁচামেচি শুরু হয়।
তিনি আরও বলেন, সংসদে বক্তব্য দেওয়ার নির্দিষ্ট নিয়ম আছে এবং মৌখিক আলোচনার সুযোগ সীমিত এ বিষয়ে সদস্যদের নোটিশের মাধ্যমে বক্তব্য দিতে হবে।
বিল পাসের আগে সংশোধনী আনা নিয়ে বিরোধী দল আপত্তি জানালেও সরকারি দলের প্রস্তাবিত তিনটি সংশোধনী গৃহীত হয় এবং কণ্ঠভোটে বিলটি পাস করা হয়। সংশোধনীর মধ্যে জাদুঘর পর্ষদের সভাপতির পদে সংস্কৃতিমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা এবং সরকারের যেকোনো সময় সদস্য মনোনয়ন বাতিলের ক্ষমতা যুক্ত করার বিষয়টি রয়েছে।
বিরোধী দল অভিযোগ করে, সংখ্যাগরিষ্ঠতার জোরে এবং প্রক্রিয়াগত কৌশলে বিলটি পাস করা হয়েছে যা রাজনৈতিক সমঝোতার পরিপন্থী। জবাবে সরকারপক্ষ দাবি করে, নিয়ম অনুযায়ীই বিলটি গৃহীত হয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতে সংশোধনের সুযোগ রয়েছে।
সব মিলিয়ে বিল পাসকে কেন্দ্র করে সংসদে উত্তপ্ত পরিস্থিতি, বিরোধী দলের ওয়াকআউট এবং স্পিকারের কঠোর মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।