

ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় চুলার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি সুমনা বাদশা (৪৫) তার স্বামী বাদশা মিয়া দগ্ধ হওয়ার ঘটনায় শেষ রক্ষা হলো না আহত গৃহবধূ সুমনা বাদশার। প্রাণপন চেষ্টা করেও দগ্ধ গৃহবধুকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। অবশেষে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন আহত সেই গৃহবধূ।
মঙ্গলবার (১০মার্চ) দিবাগত রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় একটি আবাসিক ভবনে এ দূর্ঘটনা ঘটে। আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আহত দম্পতি ও তার দুই সন্তানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এর মধ্যে স্ত্রী সুমনা বাদশার অবস্থা ছিল গুরুতর। গতকাল বুধবার (১১মার্চ) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুমনার দেবর মোঃ আরিফ হোসেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান সাংবাদিকদের জনান, ‘সুমনা বাদশার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া বাদশা মিয়ার ২ দশমিক ৫ শতাংশ, আবু বকর সিদ্দিকের ২ শতাংশ এবং আরাফাতের ১ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।