
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে এবং ব্যাপক ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে ধূলিসাৎ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতের ‘জেলা আমির সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে নেওয়া হলেও বাস্তবতায় জনগণের আকাঙ্ক্ষা নষ্ট করা হয়েছে। তার ভাষায়, বৃহত্তর স্বার্থে ফল মেনেছি, তবে আকাঙ্ক্ষার মৃত্যু হয়েছে।
সরকার ও রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, বর্তমান সময়ে দেশে নব্য ফ্যাসিবাদ তৈরি হয়েছে যা অতীতের চেয়েও বেশি ভয়ংকর।
তিনি অভিযোগ করেন, সংবিধান নিজেদের ইচ্ছামতো কাটছাঁট করে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে এখন রাজপথে নামা ছাড়া বিকল্প নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ১১ দলীয় ঐক্য জোটবদ্ধভাবে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে।
গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে এবং গণমাধ্যমকে পুরো বক্তব্য প্রকাশের আহ্বান জানান।
সবশেষে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথ উভয় ক্ষেত্রেই আপসহীন ভূমিকা পালন করবে।