

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা শরাফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো—মেয়ে মাওয়া (১০) এবং দুই ছেলে তামিম (৭) ও শামিম (২)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন শরাফত আলী তিন সন্তানকে নিয়ে স্থানীয় বড়ছড়া বাজারে গিয়েছিলেন। ফেরার সময় তিনি বিরিয়ানি সঙ্গে নিয়ে বাড়িতে যান। ধারণা করা হচ্ছে, ওই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ানোর পর তিনি নিজেও তা পান করেন।
পরে প্রতিবেশী ও স্বজনরা চারজনকে উদ্ধার করে প্রথমে বাদাঘাট বাজারের চিকিৎসক ডা. হাফিজ উদ্দিনের কাছে নিয়ে যান। সেখান থেকে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, ধারণা করা হচ্ছে রাত ১টা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটে। সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন শিশুসহ তাদের বাবাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে। শরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা ও আত্মীয় রনু মিয়া জানান, শরাফত আলীর স্ত্রী সৌদি আরবে প্রবাসী। তিনি আরও দাবি করেন, শরাফত জুয়া ও মাদকে আসক্ত ছিলেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, তিন শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে শরাফত আলীর জুয়া ও মাদকে আসক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।