

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকারের অভ্যন্তরে থাকা একটি অংশ এবং প্রশাসনে থাকা আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের একটি চক্র নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরানোর জন্য ইন্ধন দিচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সাংগঠনিক সফরে ঝিনাইদহে গিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার কাজে সহায়তা করছে—সরকারের মন্ত্রী ও নেতাদের পক্ষ থেকে এমন অভিযোগ করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। সংশ্লিষ্টদের প্রতি তিনি অভিযোগের স্বপক্ষে প্রমাণ প্রকাশের আহ্বান জানান।
তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচিগুলো কীভাবে আয়োজনের সুযোগ পেল, তা খতিয়ে দেখা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সক্রিয় থাকার পরও বিভিন্ন জেলায় একই সময়ে নিষিদ্ধ দলের নেতা-কর্মীরা কীভাবে মিছিলের আয়োজন করতে পারলেন, সে প্রশ্নও তোলেন তিনি।
পরওয়ারের অভিযোগ, এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদেরও গ্রেপ্তার করা হচ্ছে বা আসামি করা হচ্ছে। বিষয়গুলো তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি জানান তিনি।
ব্রিফিংয়ে জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ও লোকসানের যুক্তিরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তাঁর ভাষ্য, রাষ্ট্রকে শুধু লাভ-লোকসানের হিসাবের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। জনগণের কর ও খাজনা থেকে রাষ্ট্রের রাজস্ব আসে এবং রাষ্ট্রের অন্যতম দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা।
তিনি বলেন, প্রয়োজন হলে সরকারকে ভর্তুকি দিতে হবে। তবে অল্প সময়ের ব্যবধানে বারবার দ্রব্যমূল্যের চাপ বাড়ানো মানুষের জন্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
পরওয়ারের দাবি, জ্বালানি তেলের দাম বাড়লে শুধু পরিবহন খাত নয়, উৎপাদন, বিপণন, কৃষি, সেচসহ মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন পর্যায়ে এর প্রভাব পড়ে।
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষ বর্তমানে দেশকে নিরাপত্তাহীন মনে করছে না। বরং তাঁর দাবি, শেখ হাসিনা বিদেশে অবস্থান করে যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এবং ভারত থেকে যে সমর্থন পাচ্ছেন, সেটিই বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও বক্তব্য দেন তিনি। পরওয়ার বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পারস্পরিক সম্মানকে গুরুত্ব দিতে হবে। তাঁর অভিযোগ, শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়ার মাধ্যমে দিল্লি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করছে না।
এর আগে শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মিয়া গোলাম পরওয়ার।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজাসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।