
রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম বড় সংকট হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ হোসেন স্বাধীন।
সাক্ষাতে ইয়োহেই সাসাকাওয়া জানান, প্রায় পাঁচ দশক ধরে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। মিয়ানমারবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত হিসেবে তাঁর দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।
রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর যে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে, সে বিষয়ে অবগত থাকার কথা জানান জাপানের বিশেষ দূত। একই সঙ্গে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাপান সরকারের দেওয়া বিভিন্ন অনুদান ও সহযোগিতার বিষয়ও তুলে ধরেন তিনি।
ইয়োহেই সাসাকাওয়ার বাংলাদেশ সফরের জন্য তাঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা।
তিনি বলেন, বাংলাদেশ এমনিতেই জনবহুল দেশ। এর ওপর দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, অবকাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের বিশেষ দূতকে তাঁর অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গেলে তাদের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন মৌলিক ক্ষেত্রে জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হবে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া জানান, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার সংকট সমাধানে আন্তরিক বলে তিনি মনে করেন। তবে রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি অর্জনে সময় লাগছে বলে উল্লেখ করেন তিনি।
রোহিঙ্গা সংকটের সমাধানে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন জাপানের বিশেষ দূত।
বৈঠকে সংকটটির দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে শুধু দ্বিপক্ষীয় উদ্যোগের ওপর নির্ভর না করে বহুপক্ষীয় প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
এ সময় বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনে সহযোগিতার জন্য বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জবাবে ইয়োহেই সাসাকাওয়া বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।
বাংলাদেশে জাপানি বিনিয়োগের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান তিনি।
পাশাপাশি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার আগ্রহের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।