
রাশিয়ার ককেশাস পর্বতমালায় ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির জরুরি উদ্ধারকারী দল।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কাবারদিনো-বালকারিয়া অঞ্চলের বেজেঙ্গি গিরিখাতে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় সেখানে মোট ৩৩ জন পর্বতারোহী অবস্থান করছিলেন।
হঠাৎ পাহাড়ের ঢাল বেয়ে বিপুল পরিমাণ তুষার ও বরফ নিচের দিকে ধেয়ে আসে। মুহূর্তের মধ্যে তুষারের নিচে চাপা পড়ে যান সেখানে থাকা কয়েকজন পর্বতারোহী। ঘটনাটির দৃশ্য ক্যামেরায় ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, আকাশ পরিষ্কার থাকা অবস্থায় পাহাড়ের ওপর থেকে বিশাল তুষারের স্তর দ্রুতগতিতে নিচের দিকে নেমে আসছে। এরপর পুরো এলাকা তুষার ও বরফে ঢেকে যায়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। কয়েক ডজন উদ্ধারকর্মী ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। দুর্গম পার্বত্য এলাকায় অনুসন্ধান ও উদ্ধারকাজে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
তুষারধসের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন, পাহাড়ের ওপর ঝুলে থাকা কোনো একটি হিমবাহের অংশ ধসে পড়ার পরই এই তুষারধসের সূত্রপাত হয়ে থাকতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ছয়জনের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দুর্গম ও বরফাচ্ছাদিত এলাকায় প্রতিকূল পরিস্থিতির মধ্যেই উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
সূত্র: ওয়াইনেট