বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের প্রচার-প্রকাশনাও বন্ধ : তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে : রাষ্ট্রপতি পাকিস্তানের লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম ছাত্রলীগের ধর্মঘটেও রাজধানীতে স্বাভাবিক জনজীবন, সড়কে চিরচেনা যানজট শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই : চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটক-বাসিন্দারা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া হবে বন্দি বিনিময় চুক্তিতে : তথ্য উপদেষ্টা তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মোতায়েন ৩৬ প্লাটুন বিজিবি বিশেষ অনুরোধে বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব ধামরাইয়ে টানা ৫ রাতে ৪টি বাসে আগুন, গ্রেফতার ৬ বৈপরীত্যের মহিমা -মিজানুর রহমান বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে : রাষ্ট্রপতি

বিশেষ প্রতিনিধি / ৪ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার কারণে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মানহীন বিশ্ববিদ্যালয়গুলো উচ্চ ডিগ্রির সনদ দিয়ে তরুণদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। বরং সম্ভাবনাময় শিক্ষার্থীদের হতাশার দিকে ঠেলে দিচ্ছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার প্রসারের বদলে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। তবে উচ্চশিক্ষার সাফল্য কেবল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। শিক্ষার মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন এবং মানসম্মত কর্মসংস্থানের সুযোগই একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রকৃত মাপকাঠি।

দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা থেকে উত্তরণে প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষাব্যবস্থা বিভিন্ন ধারায় বিভক্ত। শিক্ষার সুযোগ, মান ও অর্জিত দক্ষতার ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। এসব দূর করতে বিভিন্ন শিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান বিশ্বপর্যায়ে উন্নীত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ অগ্রযাত্রায় দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিতে হবে।

উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে।

তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির প্রভাবে কর্মজগতে দ্রুত পরিবর্তন আসছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বর্তমানে যে জ্ঞান ও দক্ষতা দিয়ে মানুষ কাজ করছে, কয়েক বছর পর সেই কাজের জন্যই নতুন দক্ষতার প্রয়োজন হতে পারে। তাই শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়। নিয়মিত নতুন বিষয় শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধান এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা গড়ে তুলতে হবে।

প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার যেন মানুষের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল না করে, সে বিষয়েও সতর্ক করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন কেবল সনদ গ্রহণের আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার স্বীকৃতি। একই সঙ্গে অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার।

তিনি বলেন, ডিগ্রি অর্জনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা চলমান থাকে। উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের একটি সুবিধাপ্রাপ্ত অংশ। তাদের শিক্ষার পেছনে পরিবার ও রাষ্ট্রের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। তাই তাঁদের কাছ থেকে দেশ ও পরিবারের প্রত্যাশাও বেশি।

একজন স্নাতকের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ নয়; বরং অন্যের জীবনে তিনি কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, সেটিই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এবারের সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan