
মৌলভীবাজারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাধেশ্যাম বাউড়ি (৪২) আটক হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাধেশ্যাম বাউড়ি রাজনগর উপজেলার উদনা চা-বাগান এলাকার বাসিন্দা।
এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-৯-এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজনগর থানায় ২০১২ সালে দায়ের করা হত্যা মামলায় (জিআর-১৪৭/১২, ধারা ৩০২/৩৪) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাধেশ্যাম বাউড়িকে আটক করা হয়।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।