
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। একই দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার পর থেকে সায়েন্সল্যাব মোড়ে বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়েন্সল্যাব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ সময় জলকামানও প্রস্তুত রাখা হয়। সংঘর্ষ ও অবরোধের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নিয়োগ দেওয়ার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টার পর বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা ‘লালকার্ড’ হাতে নিয়ে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে নিজস্ব যাত্রা শুরু করেছে। এমন পরিস্থিতিতে নতুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত তাঁরা মেনে নিতে পারছেন না।
তাদের দাবি, নতুন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত কার্যকর করা যাবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই নতুন উপাচার্য নিয়োগ দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছেন।
বিক্ষোভকারীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহালের দাবি জানিয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার দাবিও তুলেছেন তাঁরা।
শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অবিলম্বে স্কুলিং মডেলে রূপান্তর, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সব সেশনকে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করে একাডেমিক রোডম্যাপ ঘোষণা এবং সাতটি ক্যাম্পাসের যেকোনো একটিতে দ্রুত প্রশাসনিক ভবন চালু করা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অবিলম্বে চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
শিক্ষার্থীরা জানান, তাদের পরীক্ষা এখনো আটকে রয়েছে। একাডেমিক মাইগ্রেশনসহ শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এসব সমস্যার দ্রুত সমাধান না হলে শিক্ষাজীবন আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। একই দিনে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে।
নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদেই রোববার সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ চলার মধ্যেই ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর অভিযোগ, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী তাদের ওপর হামলা করেন। তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।
ওই শিক্ষার্থী জানান, তারা নতুন শিক্ষার্থী। বাসার উদ্দেশে যাওয়ার সময় হঠাৎ তাদের ওপর হামলা করা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।
সংঘর্ষের ঘটনায় সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে গ্রিন রোডের মুখে এক ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনাও সামনে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সড়কে একা পেয়ে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের ওই শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা একদল শিক্ষার্থী ফুটপাতে বসে থাকা এক শিক্ষার্থীকে লাঠি দিয়ে মারধর করছেন। এ সময় কয়েকজন তাঁকে রক্ষা করার চেষ্টা করেন। পরে তাঁকে উদ্ধার করে অন্য পাশে নিয়ে যাওয়া হয়।
সংঘর্ষ ও বিক্ষোভের খবর পেয়ে সায়েন্সল্যাব এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলকামানও প্রস্তুত রাখা হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব জানান, সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ ধরনের পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয় সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, দুই কলেজের কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের কথা হয়েছে। শিক্ষার্থীরা কলেজের ভেতরে অবস্থান করছেন। বাইরে থেকে কেউ যাতে কাউকে লক্ষ্য করে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, সায়েন্সল্যাব এলাকায় প্রায় ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৯ নভেম্বর রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষ এড়াতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি শান্তিচুক্তি বা সমঝোতা হয়েছিল।
তবে সেই সমঝোতার পরও রোববার আবারও দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। এতে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
একদিকে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলন অন্যদিকে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ দুই ঘটনায় রোববার সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।