
ঢাকার আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তদের মধ্যে প্রিজন ভ্যানের চালকও রয়েছেন।
ঘটনাটি তদন্তে ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে বলে জানান তিনি।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর সকালে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরত নেওয়া হচ্ছিল।
প্রিজন ভ্যানটি গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছানোর পর ‘পিচ্চি রাজা’ প্রাকৃতিক কাজ সারার জন্য শৌচাগারে যাওয়ার কথা জানান। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, ঢাকার আদালতে হাজিরা শেষে আসামিকে কারাগারে ফিরিয়ে নেওয়ার সময় নাওজোড় এলাকায় তিনি শৌচাগারে যাওয়ার কথা বলেন। এরপর সেখান থেকেই পালিয়ে যান।
পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করা হয়।
সূত্রের দাবি, ‘পিচ্চি রাজা’, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজা ওরফে ‘পিচ্চি রাজা’র বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।
আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে পলায়নের পরিস্থিতি ও দায়িত্বে থাকা সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।