

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ (১৯৩) ধামরাই আসনের ১৪৭টি কেন্দ্রের মধ্যে ১৩ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব।
ধামরাই উপজেলায় মোট ভোটার ৩লাখ ৭৬হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮৭হাজার ৮৩৫ জন। মহিলা ভোটার ১লাখ ৮৮হাজার ৮০২ জন। মোট ভোট কক্ষ ৭১০টি।
প্রশাসনের দেওয়া তথ্যমতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে- চর চৌহাট সরকারী প্রাথিমক বিদ্যালয়, হালুয়াপাড়া সরকারী প্রাথিমক বিদ্যালয়, কান্টাহাটি সরকারী প্রাথিমক বিদ্যালয়, গাংগুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভালুম সরকারী প্র্থমিক বিদ্যালয়, বরাটিয়া আলহাজ্ব মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা, বরাটিয়া আলহাজ্ব মাওলানা ইয়াছিন প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা নিচ, গোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা, খাতরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফড়িঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয় (নতুন)।
ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এস এম সাদিকুর রহমান জানান, অতীতে ভোট কেন্দ্রগুলোতে রাজনৈতিক সহিংসতা, স্থানীয় প্রভাবশালীদের অবস্থান, ভোট কেন্দ্র দখলকে বিবেচনায় নিয়ে ১৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। ঐ সব আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কেন্দ্রগুলো ঝুকিপূর্ণ হলেও ভোট গ্রহণের কোন সমস্য হবে না।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা খান বলেন, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে এবং ঐ সকল কেন্দ্রে পর্যাপ্ত পরিমান পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। আশা করছি কেন্দ্র গুলোতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হবে।
এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার খান সালমান হাবিব জানান, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। আমাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কেউ যদি ভোট বানচালের চেষ্টা করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে সার্বক্ষনিক ভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি ধামরাইয়ে সুন্দর ভাবে ভোট গ্রহণ হবে।