
ফাইল ফটোদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে এলএনজি, ফার্নেস অয়েল ও এলপিজি নিয়ে ছয়টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় শিপিং এজেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
চলমান আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে এসব জাহাজ বন্দরে পৌঁছানোয় দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছয়টি জাহাজের মধ্যে দুটি জাহাজে মোট ১ লাখ ২৬ হাজার ৪৫৮ টন এলএনজি এসেছে। এছাড়া আরও দুটি জাহাজে প্রায় ৪০ হাজার টন ফার্নেস অয়েল এবং একটি জাহাজে ১৯ হাজার ৩১৬ টন এলপিজি রয়েছে।
অন্যদিকে মালয়েশিয়া থেকে ১৪ হাজার টন তরল হাইড্রোকার্বন কনডেনসেট নিয়ে আরেকটি জাহাজ গত ৫ মার্চ চট্টগ্রামে পৌঁছেছে।
বন্দর সূত্রে জানা গেছে, এলএনজি, এলপিজি ও ডিজেলবাহী আরও পাঁচটি জাহাজ বর্তমানে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রাপথে রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, কাতারের রাস লাফান টার্মিনাল থেকে বাংলাদেশের জন্য তিনটি এলএনজিবাহী জাহাজে গ্যাস লোড করা হয়েছে।
স্থানীয় শিপিং এজেন্ট ইউনিগ্লোবাল বিজনেস লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন, ওই তিনটি জাহাজের মধ্যে দুটি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এসব জাহাজে মোট প্রায় ১ লাখ ২০ হাজার টন এলএনজি রয়েছে।
তবে ৬২ হাজার টন এলএনজিবাহী তৃতীয় জাহাজ ‘লেব্রেথাহ’ এখনো হরমুজ প্রণালি অতিক্রম করেনি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল আলম।
এদিকে ওমানের সোহর বন্দর থেকে ২২ হাজার ১৭২ টন এলপিজি নিয়ে আজ চট্টগ্রাম বন্দরে আরও একটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। পাশাপাশি সিঙ্গাপুর থেকে ৩০ হাজার ৪৮৪ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ আগামী ১২ মার্চ বন্দরে পৌঁছাতে পারে বলে জানিয়েছে শিপিং এজেন্ট প্রাইড শিপিং।
বাংলাদেশে জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ এবং গ্যাসের প্রায় ৭০ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলার ছাড়িয়েছে যা করোনা মহামারির পর এক সপ্তাহে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির রেকর্ড।