
ঢাকার ধামরাইয়ে আনন্দঘন পরিবেশে ‘উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই আন্তঃকলেজ ও আন্তঃস্কুল পর্যায়ের এই বিতর্ক উৎসবের আয়োজন করা হয়।
ধামরাই পৌর ছাত্রদল (ঢাকা জেলা উত্তর)-এর সভাপতি শেখ খোদারনূর ইসলাম (রনি)-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অন্য রহমান (হাসান)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী গুলশান কমার্স কলেজ, ঢাকা এর প্রতিষ্ঠাতা পরিচালক খান অ্যাসোসিয়েট-এর সিইও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং ধামরাই পৌর বিএনপির আহবায়ক আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সম্পাদক আশিকুজ্জামান স্বপন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. ফাহাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উৎসবে ধামরাইয়ের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আকর্ষণীয় ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে যুক্তি, তথ্য ও তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করে নিজেদের মেধা ও যুক্তিশক্তির অনন্য পরিচয় দেন।
বক্তারা বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সঠিক মতপ্রকাশের দক্ষতা বৃদ্ধি পায়। একটি প্রগতিশীল, জ্ঞানভিত্তিক ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের মাঝে নিয়মিত বিতর্ক চর্চার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি।