

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনক্রমে উপনির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ঠাকুরগাঁও এবং রুহিয়া ও ভুল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
এবারও এ আসনের নির্বাচনে দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ ব্যবস্থা থাকছে। গত নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের ৩৮৬ জন ভোটার ৩৩টি দেশ থেকে নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি ভোটার নিবন্ধিত হন।
এ ছাড়া ‘ইন কান্ট্রি পোস্টাল ভোটিং’-এর জন্য নিবন্ধন করেছিলেন ৪ হাজার ৪৫ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবীর সংখ্যা ছিল ২ হাজার ৭৩৫ জন।
এর আগে গত ২২ আগস্ট জাতীয় সংসদ সচিবালয় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন অর্থাৎ ২১ আগস্ট থেকে আসনটি শূন্য হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর ফলে সাংবিধানিক বিধান অনুযায়ী তার সংসদীয় আসনটি শূন্য হয়ে যায়।