

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৩ বছর বয়সী অপ্রতিম কুমিল্লার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন স্থান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাড়িতে ফেরেনি।
সন্তানের সন্ধান না পেয়ে ওই রাতেই কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
অপ্রতিমের মা নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, দুপুরে মায়ের আইফোন নিয়ে ছবি তোলার কথা বলে বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হয়েছিল তার ছেলে। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরদিন শনিবার লালমাই পাহাড়ের নির্জন এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্টরা।