
বাংলাদেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতির বন্ধন নষ্ট করতে নানা অপশক্তি ও চক্রান্তকারীরা অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, নানা ষড়যন্ত্র ও অপতৎপরতা থাকলেও দেশের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট থাকবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রয়েছে তা দীর্ঘদিনের। নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা এই বন্ধন বিনষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না।
তিনি বলেন, আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা একে অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।
রিজভীর মতে, ধর্মীয় ভিন্নতা থাকলেও বাংলাদেশের মানুষ পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতির মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। এই ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
ধর্মীয় সম্প্রদায়গুলোর কল্যাণে গঠিত ট্রাস্টগুলোর বিষয়েও কথা বলেন বিএনপির এই নেতা।
তিনি জানান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য তিনটি কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। এসব ট্রাস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়গুলোর উন্নয়ন, পরিচালনা ও কল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রিজভী বলেন, এসব ট্রাস্টের কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও যোগাযোগ আরও বাড়বে।
বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একই জাতীয় পরিচয়ের অধীনে বসবাস করে।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ মোতাবেক সবাই এক ছায়াতলে।
তার প্রত্যাশা, গঠিত কল্যাণ ট্রাস্টগুলো নিজ নিজ সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সামগ্রিকভাবে দেশের ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের সব মানুষের অধিকার ও অবস্থান নিশ্চিত করার কথা বলে আসছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে, সেই পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সামাজিকভাবে সবাইকে সচেতন থাকতে হবে।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় দেশের ধর্মীয় সম্প্রীতি, বিভিন্ন সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।