
ঢাকার ধামরাই পৌরশহরের যাত্রাবাড়ী এলাকায় ভূমি অফিসের কাছে থামিয়ে রাখা হামজা পরিবহনের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১ টার দিকে বাসটিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে বলে জানা যায়। এ নিয়ে টানা ৫ রাতে ধামরাইয়ে বিভিন্ন এলাকায় আগুনে পোড়া বাসের সংখ্যা ৪ (চার) এ দাঁড়ালো। একের পর এক রাতের বেলা এতগুলো বাসে আগুনের ঘটনায় এলাকায় উদ্বিগ্নতা ও আতংক ছড়িয়ে পড়েছে। যাত্রীবাহী এই চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ধামরাই থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
ধামরাই থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো: মহিউদ্দিন, সূতিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ওরফে কদম আলী, সানোড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যাদবপুর ইউনিয়ন যুব লীগ নেতা মো: সোহেল রানা, ধামরাই উপজেলা ছাত্র লীগ নেতা মো: আবু বকর সিদ্দিক রণি ও আরও একজন। এরা সবাই ধামরাই উপজেলার বাসীন্দা।
ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান সাংবাদিকদের জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় এদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।