
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার ভাষ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ তাকে ভারতের কাছ থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায়।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট নবায়নের আবেদন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি ও হত্যাকারীর এ ধরনের আবেদন করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। এ বিষয়ে ভারতকে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে। একই সঙ্গে শুধু অর্থের বিনিময়ে কেউ তার পক্ষে লবিং করলে সংশ্লিষ্টদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেন শেখ হাসিনা।
সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীরা এ-সংক্রান্ত একটি চিঠি পাঠান। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে আবেদনের বিষয়টি উঠে এসেছে।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশত্যাগের পর নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন।