
দেশের তৃণমূল পর্যায়ে শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম পুলিশ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধের পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতেও তাদের দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যথেষ্ট নয়। এর পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করা গেলে সামাজিক অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ওই সময়ে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি সামাজিক কাঠামোতেও অবক্ষয় ঘটেছিল। গোষ্ঠীগত স্বার্থ ও বিরোধকে উসকে দেওয়ার মাধ্যমে দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। এমনকি বিভিন্ন এলাকায় পরিবারে পরিবারেও বিরোধ ও প্রতিহিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন ও গ্রামের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাম পুলিশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে কোথায় অপরাধ সংঘটিত হতে পারে, কারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কিংবা কোথাও পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে কি না, সে বিষয়ে গ্রাম পুলিশ সদস্যরা আগেভাগেই তথ্য পেতে পারেন। এসব তথ্য দ্রুত স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে অপরাধ প্রতিরোধ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়ন নিরাপদ থাকলে সামগ্রিকভাবে বাংলাদেশও নিরাপদ থাকবে। গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও স্বস্তি বজায় রাখা গেলে তার ইতিবাচক প্রভাব জাতীয় পর্যায়েও পড়বে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গ্রামীণ জীবনের গভীর সম্পর্ক রয়েছে। তাই উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে গ্রামাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা প্রয়োজন।
মহাসমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের বেতন ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার ঘোষণা দেন তিনি।