মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

জেগে দেখা স্বপ্নই জীবনের প্রকৃত দিশারি- সামছুল হক

রিপোর্টারঃ / ৮২ বার ভিউ
আপডেটঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
প্রতিকী ছবি

সামছুল হক

মানুষ তার কল্পনার ব্যাপ্তি এবং স্বপ্নের পরিধির মাঝেই নিজের অস্তিত্বকে খুঁজে পায়। বলা হয়ে থাকে, মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। কিন্তু প্রশ্ন হলো, কোন্‌ স্বপ্ন মানুষকে তার কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যেতে পারে? সাবেক ভারতীয় রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এ. পি. জে. আবদুল কালাম বলেছিলেন, “স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না।“ এই একটিমাত্র বাক্যের ভেতরেই লুকিয়ে আছে সফলতার এক সুগভীর দর্শন।

ঘুমন্ত ও  জাগ্রত স্বপ্নের মধ্যে তাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক পার্থক্য রয়েছে। মানুষ প্রতিদিন ঘুমের ঘোরে কতশত অবাস্তব ও অদ্ভুত দৃশ্য দেখে, যা মূলত আমাদের অবচেতন মনের সুপ্ত বাসনা বা এলোমেলো কল্পনার বহিঃপ্রকাশ মাত্র। সেই স্বপ্নের ওপর মানুষের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ থাকে না, এমনকি ঘুম ভাঙার পর বেশিরভাগ ক্ষেত্রেই তার বিশদ বিবরণ মনে রাখা সম্ভব হয় না। কুয়াশার মতো তা চোখের পলকে মিলিয়ে যায়।

পক্ষান্তরে, মানুষ যখন জেগে জেগে স্বপ্ন দেখে, তখন তার মধ্যে থাকে সজাগ মনন, লক্ষ্য, দূরদর্শিতা ও বাস্তবমুখী পরিকল্পনা। এই জেগে দেখা স্বপ্নই হলো প্রকৃত স্বপ্ন, যা মানুষের মস্তিষ্কে এক ধরনের ইতিবাচক অস্থিরতা তৈরি করে। এটি মানুষের বুকে তীব্র আকাঙ্ক্ষা, জেদ ও উদ্দীপনার আগুন জ্বালিয়ে দেয়। এই স্বপ্ন মানুষকে অলস রূপে বসে থাকতে দেয় না, বরং প্রতিনিয়ত তাড়া করে ফেরে এবং নতুন কিছু করার জন্য উদ্বুদ্ধ করে এবং নিজের মধ্যে ইচ্ছা শক্তি জাগ্রত করে।

আমরা সমাজে যে যে অবস্থানেই থাকি না কেন, আমাদের স্বপ্ন হতে হবে সুন্দর, ইতিবাচক এবং সুদূরপ্রসারী। একটি নতুন ও সুদূরপ্রসারী স্বপ্নই মানুষকে দুর্গম প্রান্তরে নতুন পথের সন্ধান দিতে পারে। এটি মানুষের একঘেয়ে জীবনকে আলোয় ভরিয়ে দিতে পারে, জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আনে এবং পরিশেষে ব্যক্তিগত , সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের দ্বার উন্মুক্ত করে।

মানব সভ্যতার দীর্ঘ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, পৃথিবীতে যত বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার, শিল্পবিপ্লব কিংবা সামাজিক রূপান্তর এসেছে, তার মূলে ছিল কোনো না কোনো দূরদর্শী মানুষের জেগে দেখা কোনো বড় স্বপ্ন।

একসময়ে আকাশে উড়ার স্বপ্নকে মানুষ পাগলামি বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু রাইট ভাইদের সেই জাগ্রত স্বপ্নই আজকের আধুনিক বিমান চলাচল ও বিশ্বায়নের পথ প্রশস্ত করেছে।

আজীবন কারাবাসের অন্ধ প্রকোষ্ঠে থেকেও ম্যান্ডেলা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক দক্ষিণ আফ্রিকার স্বপ্ন দেখেছিলেন, যা পরবর্তীতে কোটি মানুষের মুক্তিস্বপ্নে পরিণত হয় এবং সফলও হয়।  মানুষের চাঁদে পা রাখার স্বপ্ন এককালে রূপকথার গল্পের মতো শোনালেও, বিজ্ঞান ও অধ্যবসায়ের জোরে সেই স্বপ্ন আজ বাস্তবতায় রূপ নিয়েছে।

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রীয় জীবনের আমূল পরিবর্তন ঘটেছে  জাগ্রত স্বপ্নের হাত ধরেই। বাস্তব জীবনে মানুষের চাহিদার সাথে প্রাপ্তির একটি সহজাত ব্যবধান বা অমিল থাকতেই পারে। জীবন সবসময় আমাদের শতভাগ প্রত্যাশা পূরণ করে না। অনেক সময়ই দেখা যায়, আমরা যা আশা করি, বাস্তব অর্জন তার চেয়ে কিছুটা কম হয়। আর ঠিক এই বাস্তবতার কারণেই আমাদের স্বপ্ন দেখতে হবে অনেক বড় বা সীমাহীন। প্রখ্যাত মনীষীদের কথায়ও এর সমর্থন মেলে—”যদি তোমার লক্ষ্য চাঁদে পৌঁছানো হয়, তবে তুমি অন্তত তারার মাঝে গিয়ে পৌঁছাবে।”

একজন মানুষের শারীরিক উচ্চতা, আর্থিক সচ্ছলতা বা সামাজিক অবস্থান যেমনই হোক না কেন, তার দেখা স্বপ্নের উচ্চতা হওয়া চাই পাহাড়সম। যিনি যত বড় স্বপ্ন দেখতে পারবেন এবং সেই স্বপ্ন যাকে যত বেশি আলোড়িত ও তাড়িত করবে, ব্যক্তি ও সমাজ জীবনে তিনি তত বেশি সফলকাম হবেন। স্বপ্ন যদি ছোট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে মানুষ তার প্রচেষ্টাকেও সেই ছোট গণ্ডির ভেতরেই আটকে রাখে, ফলে অর্জনও সীমিত হয়ে পড়ে। পক্ষান্তরে, স্বপ্নের পরিধি বিশাল হলে অর্জনের খাতাটি শেষ পর্যন্ত সমৃদ্ধই থাকে।

বড় স্বপ্ন দেখার পথে পদে পদে বাধা আসবে—এটাই স্বাভাবিক। সমাজ কখনো কখনো প্রথম দিকে আপনার স্বপ্নকে অবমূল্যায়ন করতে পারে, আর্থিক সংকট থাকতে পারে কিংবা বারবার ব্যর্থতার মুখ দেখতে হতে পারে। কিন্তু এই বাধাবিপত্তিগুলোই হলো স্বপ্নের পথে টিকে থাকার অগ্নিপরীক্ষা যা, অভিজ্ঞতার ঝুলিতকে আরও বড় আরও সমৃদ্ধ করে। থমাস এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে হাজারও বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তার ভেতরের স্বপ্ন তাকে থামতে দেয়নি। তিনি বিশ্বাস করতেন, প্রতিটি ব্যর্থতা সফলতার এক একটি ধাপ। তাই বড় স্বপ্ন দেখতে হলে ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নিয়ে বারবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা অর্জন করতে হবে।

কাজেই ঘুমিয়ে ঘুমিয়ে অবাস্তব স্বপ্ন দেখে জীবনের মূল্যবান সময় ও শক্তি অপচয় করার মধ্যে কোনো সার্থকতা নেই। জীবনকে অর্থপূর্ণ, মহিমান্বিত এবং সফল করতে হলে স্বপ্ন দেখতে হবে চোখ খুলে, পুরোপুরি জেগে।

ঘুমের ঘোরে নয়, বরং জাগ্রত চেতনায় দেখা সেই পাহাড়সম স্বপ্নই আমাদের নিয়ে যেতে পারে সফলতার চূড়ান্ত শিখরে। তাই আসুন নিজের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলে আজ থেকেই বড় স্বপ্ন দেখা শুরু করি। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করি এবং সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ি। কারণ আমাদের জাগ্রত স্বপ্নই  বদলে দিতে পারে আমাদের নিজেদের জীবন তথা গোটা পৃথিবীর চিত্র।

লেখক: উন্নয়ন ব্যক্তিত্ব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan