
টানা ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটে বিপর্যস্ত হয়ে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতির অবনতি হওয়ায় শহরের ৫০টি জেলাকেই দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সোমবার ব্যাংককের সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংকক পোস্টের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
টানা ভারী বৃষ্টিতে ব্যাংককের বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে পূর্ব ব্যাংককের এলাকাগুলোতে পরিস্থিতি বেশি খারাপ বলে জানা গেছে।
ব্যাংকের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সোমবার সব স্কুল বন্ধ থাকবে। একই সঙ্গে সরকারি কর্মীদের বাড়িতে থেকে কাজ করার জন্য উৎসাহিত করা হচ্ছে, যাতে জলাবদ্ধ সড়কে যানবাহনের চাপ কমানো যায়।
ব্যাংককের ৫০টি জেলাকে দুর্যোগকবলিত ঘোষণা করায় ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন বিএমএবিএমএ, অন্যান্য সরকারি সংস্থা ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে উদ্ধার ও পানি নিষ্কাশনের কাজ করতে পারবে।
এদিকে রাজধানীর পাশাপাশি পাথুম থানি প্রদেশের রাংসিত পৌর এলাকাকেও জরুরি দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে।
রোববার সকাল ৯টার কিছু পর ব্যাংককের বাসিন্দাদের কাছে সেল ব্রডকাস্টের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হয়। এতে বলা হয়, শহরের বিভিন্ন খালের পানির স্তর সংকটজনক পর্যায়ে পৌঁছেছে এবং তা আরও বাড়তে পারে।
বাসিন্দাদের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্ন মধ্যাঞ্চলীয় সমভূমি, ব্যাংকক ও আশপাশের প্রদেশের ওপর একটি শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া অস্থিতিশীল হয়ে পড়েছে।
এর পাশাপাশি আন্দামান সাগর, দেশের দক্ষিণাঞ্চল ও থাইল্যান্ড উপসাগরের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু শক্তিশালী হওয়ায় বৃষ্টির প্রবণতা আরও বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ব্যাংককের বর্ষাকালের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সময় সেপ্টেম্বর। তবে চলতি বছর এ সময়ে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হয়েছে।
বিএমএর ড্রেনেজ ও স্যুয়ারেজ বিভাগের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংককে ৪৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত একই সময়ে গড় বৃষ্টিপাত ছিল ২৬৯ মিলিমিটার।
অর্থাৎ চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই স্বাভাবিকের তুলনায় ২১৮ মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে।
ব্যাংককের পানি নিষ্কাশন কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালু রাখা হয়েছে। এসব কেন্দ্র সম্মিলিতভাবে প্রতি সেকেন্ডে প্রায় ১ হাজার ২০০ ঘনমিটার পানি সরিয়ে নিচ্ছে।
এর ফলে শনিবার দুপুরের দিকে শহরের কিছু এলাকায় পানির স্তর স্থিতিশীল হতে শুরু করে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, বৃষ্টি থেমে গেলেও জলাবদ্ধতার পানি পুরোপুরি নেমে যেতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।
তিনি বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, ২০১১ সালের ভয়াবহ বন্যার মতো পরিস্থিতি এবার হবে না। একই সঙ্গে আতঙ্কিত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
তবে পরিস্থিতির আরও অবনতি হতে পারে এমন আশঙ্কায় ব্যাংককের কিছু বাসিন্দা প্রয়োজনীয় পণ্য কিনে মজুত করতে শুরু করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাম ইনথ্রার একটি ম্যাক্রো স্টোরে ব্যাপক ভিড় দেখা গেছে। দোকানের পার্কিং এলাকা পূর্ণ হয়ে গাড়ির সারি সড়ক পর্যন্ত চলে আসে।
ক্রেতাদের শপিং কার্টে ইনস্ট্যান্ট নুডলস, পানীয় জল, টিনজাত মাছসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য দেখা গেছে।
ব্যাংককের উজানে চিয়াং নাত প্রদেশের চাও ফ্রায়া বাঁধ থেকে পানির নিঃসরণও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।
রয়্যাল ইরিগেশন ডিপার্টমেন্ট জানিয়েছে, বাঁধ থেকে প্রতি সেকেন্ডে পানির নিঃসরণ ১ হাজার ৮৫০ ঘনমিটার থেকে বাড়িয়ে ১ হাজার ৯৫০ ঘনমিটার করা হয়েছে।
এ কারণে বাঁধের ভাটিতে চাও ফ্রায়া নদীর তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি নই নদীর তীরবর্তী বাসিন্দাদেরও পানির স্তর ও সরকারি নির্দেশনা নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাংককের বাইরে থাইল্যান্ডের আরও ২০টি প্রদেশে বিভিন্ন মাত্রায় বন্যার খবর পাওয়া গেছে। এসব প্রদেশের মধ্যে রয়েছে—নাখন রাতচাসিমা, চানথাবুরি, ফেচাবুন, চন বুরি, চাচোয়েংসাও, বুরি রাম, সুরিন, সিং বুরি, সামুত প্রাকান, নাখন সাওয়ান, ফিচিত, রায়ং, আং থং, চিয়াং নাত, উথাই থানি, প্রাচিন বুরি, আয়ুথায়া, সা কেও, ফিৎসানুলোক, সুপান বুরি ও নাখন ফানম।
ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব এলাকায় পরিস্থিতি আরও পরিবর্তিত হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করেছে।