
সহিংস অপরাধ, কিশোর গ্যাং, সংঘবদ্ধ অপরাধচক্র, মাদক, মানব পাচার ও ডিজিটাল জালিয়াতিসহ বিভিন্ন ধরনের অপরাধ মোকাবিলায় তিন ধাপের পরিকল্পনা করেছে পুলিশ। ২০২১ থেকে ২০২৬ সালের মে পর্যন্ত অপরাধের তথ্য পর্যালোচনা করে পুলিশের উচ্চপর্যায়ের একটি কমিটি এসব সুপারিশ তৈরি করেছে।
পরিকল্পনার মূল লক্ষ্য অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশের দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানো, গোয়েন্দা কার্যক্রম জোরদার করা এবং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা।
পরিকল্পনার প্রথম ধাপে এক বছরের মধ্যে গোয়েন্দা তথ্যনির্ভর টহল জোরদারের প্রস্তাব করা হয়েছে। অভিযানের সময় বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা, গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপন এবং জরুরি পরিস্থিতিতে পুলিশের দ্রুত উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া থানায় দর্শনার্থী ব্যবস্থাপনা চালু, অনলাইন নজরদারি বাড়ানো এবং সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনার সুপারিশ রয়েছে।
অপরাধীদের বিষয়ে তথ্য সংরক্ষণের জন্য বিশেষ ডেটাবেস তৈরির পাশাপাশি কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বিদ্যমান আইনি বিধান প্রয়োগের কথাও বলা হয়েছে।
পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে এক থেকে দুই বছর। এ সময়ে সারাদেশে সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানোর পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং অনলাইন অভিযোগ ব্যবস্থাকে আরও কার্যকর করার প্রস্তাব রয়েছে।
অপরাধস্থল ব্যবস্থাপনার জন্য পৃথক ইউনিট গঠন এবং জেলা ও মহানগর পর্যায়ে সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ ইউনিট করার সুপারিশ করা হয়েছে। জেলা পর্যায়ে মাদক প্রতিরোধ সেল গঠনের প্রস্তাবও রয়েছে।
অজ্ঞাত মরদেহের তথ্য সংরক্ষণে স্বয়ংক্রিয় ডেটাবেস এবং সাক্ষীদের সহায়তায় পৃথক ডেস্ক চালুর কথাও বলা হয়েছে। আদালতের কার্যক্রম সম্পর্কে সাক্ষীদের স্বয়ংক্রিয় এসএমএসের মাধ্যমে তথ্য জানানোর ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে।
তৃতীয় ধাপে দুই থেকে পাঁচ বছরের মধ্যে অপরাধপ্রবণ এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিসিটিভি নজরদারি চালুর পরিকল্পনা করা হয়েছে।
অপরাধ তদন্তকে ডিজিটাল ব্যবস্থায় আনতে ‘ক্রাইম ইনভেস্টিগেশন ডিজিটাল মনিটরিং সিস্টেম’ চালুর প্রস্তাব রয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটে প্রয়োজনীয় কম্পিউটার ও প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহের কথাও বলা হয়েছে।
পুলিশ সংস্কারের অংশ হিসেবে থানার সদস্যদের দায়িত্ব দুটি পৃথক শাখায় ভাগ করার প্রস্তাব করা হয়েছে। একটি শাখা অপারেশন এবং অন্যটি তদন্তের দায়িত্ব পালন করবে।
এ ছাড়া অপরাধস্থলে ব্যবহারের জন্য বিশেষায়িত যানবাহন, মরদেহ পরিবহনে ফ্রিজিং ভ্যান, আধুনিক আলামত সংরক্ষণাগার এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির সুপারিশ করা হয়েছে।
কমিটির পর্যালোচনায় দেশে বছরে গড়ে ৩ হাজার ৩১৮টি হত্যা মামলা হওয়ার তথ্য উঠে এসেছে। এসব ঘটনায় জমি নিয়ে বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব, অভ্যন্তরীণ কোন্দল, গণপিটুনি ও আধিপত্য বিস্তারকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাও বড় উদ্বেগ হিসেবে উঠে এসেছে। বছরে গড়ে এ ধরনের ২০ হাজার ৪৭০টি মামলা হয়, যার মধ্যে ধর্ষণের মামলা ৫ হাজার ৪৩৮টি। ধর্ষণের পর হত্যার অভিযোগ রয়েছে এমন ঘটনা বছরে গড়ে ৪৮টি।
এ ছাড়া বছরে গড়ে ৯ হাজার ১৭৮টি চুরি, ২ হাজার ৭৩৩টি ডাকাতি, ১ হাজার ৩৩৩টি ছিনতাই ও ৪৪৫টি দস্যুতার মামলা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশে বছরে গড়ে ৬৮ হাজার ৬৪১টি মাদকসংক্রান্ত মামলা হয়। ইয়াবা পাচারের ক্ষেত্রে কক্সবাজার ও চট্টগ্রাম এবং হেরোইন পাচারের ক্ষেত্রে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহকে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মানব পাচারের মামলাও বেড়েছে। ২০২২ সালে ৬৯৭টি মামলা থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ১ হাজার ১২৬টিতে পৌঁছেছে।
অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়েও উদ্বেগ জানিয়েছে কমিটি। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ হাজার ১০৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। তবে বিভিন্ন সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, যেসব সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব, সেগুলোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি বলেন, কিছু সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। এসব বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে উদ্যোগগুলো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।