বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের প্রচার-প্রকাশনাও বন্ধ : তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে : রাষ্ট্রপতি পাকিস্তানের লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম ছাত্রলীগের ধর্মঘটেও রাজধানীতে স্বাভাবিক জনজীবন, সড়কে চিরচেনা যানজট শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই : চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটক-বাসিন্দারা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া হবে বন্দি বিনিময় চুক্তিতে : তথ্য উপদেষ্টা তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মোতায়েন ৩৬ প্লাটুন বিজিবি বিশেষ অনুরোধে বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব ধামরাইয়ে টানা ৫ রাতে ৪টি বাসে আগুন, গ্রেফতার ৬ বৈপরীত্যের মহিমা -মিজানুর রহমান বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে ভাঙন

আন্তর্জাতিক ডেস্ক­ / ৪১ বার ভিউ
আপডেটঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

 

বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার পাশাপাশি শক্তিশালী ঢেউ ও ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় ভাঙন তীব্র হচ্ছে। এতে সমুদ্রতীরবর্তী বাড়িঘর, সৈকত ও পর্যটনকেন্দ্রগুলো ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মালিবুতে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এলাকায় এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। সমুদ্রের ঢেউয়ের আঘাতে বিভিন্ন স্থানে বড় গর্ত তৈরি হয়েছে। একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি আরও ১৬টি বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে অথবা সেগুলোতে বসবাসে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, চলতি গ্রীষ্মে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে ক্ষয়ক্ষতির পেছনে পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্ট একাধিক ঘূর্ণিঝড় ও হারিকেনের ভূমিকা রয়েছে। ঝড়গুলো সরাসরি ক্যালিফোর্নিয়ায় আঘাত না করলেও সৃষ্ট শক্তিশালী ঢেউ উপকূলে আছড়ে পড়ে বিপুল পরিমাণ বালি সরিয়ে নিয়েছে। এতে উপকূলের স্বাভাবিক আকৃতি বদলে যাচ্ছে।

এর সঙ্গে ‘এল নিনো’র প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকেরা। আগামী কয়েক মাসে আরও শক্তিশালী ঢেউ আঘাত হানতে পারে। একই সময়ে যদি বছরের সর্বোচ্চ জোয়ারের সঙ্গে শক্তিশালী আবহাওয়া পরিস্থিতির মিল ঘটে তাহলে ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্তা ক্রুজ ক্যাম্পাসের সেন্টার ফর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্সের গবেষণা পরিচালক প্যাট্রিক বার্নার্ডের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক পরিস্থিতির তীব্রতা বাড়ছে। তাঁর আশঙ্কা, সামনে আসা শীত মৌসুমও উপকূলীয় এলাকার জন্য কঠিন হতে পারে।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্যালিফোর্নিয়া চলতি সপ্তাহে আগাম জরুরি অবস্থা ঘোষণা করেছে। এর ফলে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও জরুরি সেবার কর্মীদের দ্রুত মোতায়েন করা সহজ হবে। জুনে এল নিনোর প্রভাব শুরু হয়েছে এবং চলতি বছরের শেষ ভাগ থেকে ২০২৭ সালের শুরুর দিকে এর প্রভাব বেশি অনুভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উপকূলীয় পরিস্থিতির কারণে সান্তা মনিকায় এ সপ্তাহের শেষে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা প্রথম ‘ওশান ওয়ে ফেস্টিভ্যাল’ও বাতিল করা হয়েছে। এর আগে হারিকেন মেরির প্রভাবে উত্তাল সমুদ্র ও বৃষ্টির পানির স্রোতে পিয়ারের দক্ষিণ অংশের উৎসবস্থলের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে ‘পোলো’ নামে একটি হারিকেন সক্রিয় রয়েছে। এর প্রভাবে ক্যালিফোর্নিয়ার দিকে আরও শক্তিশালী ঢেউ অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এল নিনো এমন একটি আবহাওয়া পরিস্থিতি, যখন মধ্য ও পূর্বাঞ্চলীয় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের উপরিভাগের পানি স্বাভাবিকের তুলনায় বেশি উষ্ণ হয়ে ওঠে। এর প্রভাবে বায়ুমণ্ডলীয় প্রবাহ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার ধরন পরিবর্তিত হয়।

গত এক শতকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ৮ থেকে ১২ ইঞ্চি বা ২০ থেকে ৩০ সেন্টিমিটার বেড়েছে। শক্তিশালী এল নিনোর সময় সাময়িকভাবে সমুদ্রপৃষ্ঠ আরও ৬ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে।

এল নিনোর সঙ্গে সংশ্লিষ্ট সমুদ্রের নিচের ‘কেলভিন ওয়েভ’ও সাময়িকভাবে পানির উচ্চতা বাড়িয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের সমুদ্রবিজ্ঞানী মাইকেল জ্যাকক্স জানান, চলতি এল নিনোর প্রথম বড় কেলভিন ওয়েভ অক্টোবরের শুরুতে ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এই ঢেউ যদি বছরের নির্দিষ্ট সময়ের ‘কিং টাইড’-এর সঙ্গে মিলে যায়, তাহলে উপকূলে পানির উচ্চতা আরও বাড়তে পারে। চন্দ্রচক্রের নির্দিষ্ট পর্যায়ে এই অস্বাভাবিক উচ্চ জোয়ারের তীব্রতা বৃদ্ধি পায়।

এল নিনোর প্রভাবে ‘অ্যাটমসফেরিক রিভার’ নামে পরিচিত শক্তিশালী বৃষ্টির প্রবাহও তৈরি হতে পারে। এতে উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি সমুদ্রতীরের উঁচু পাড় বা ব্লাফ ক্ষয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

সান দিয়েগো থেকে প্রায় ৫৬ কিলোমিটার উত্তরে অবস্থিত কার্লসবাড শহরের জনপ্রিয় টামারাক বিচেও উপকূল ক্ষয়ের প্রভাব স্পষ্ট। শহরটির গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র এই সৈকতের বালু অল্প সময়ের মধ্যেই অনেকটাই সরে গেছে।

কার্লসবাডের পরিচালন বাজেটের প্রায় ১৪ শতাংশ হোটেল কক্ষের কর থেকে আসে। ফলে সৈকতের পরিবর্তন পরিবেশের পাশাপাশি শহরের অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে পারে।

টামারাক বিচে এখনো সার্ফারদের উপস্থিতি রয়েছে। তবে সাধারণ সময়ে পর্যটক ও স্থানীয়দের ভিড়ে সরব থাকা সৈকতটি বর্তমানে অনেকটাই ফাঁকা। অবশিষ্ট অল্প বালুর অংশে সীমিতসংখ্যক দর্শনার্থী দেখা যাচ্ছে।

সার্ফিং শেষে সেখানে থাকা অ্যালেক্স স্টট আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ কোনো কার্যকর সমাধান খুঁজে বের করতে পারবে। তাঁর মতে, প্রকৃতির শক্তিতে খুব অল্প সময়ের মধ্যেই একটি সৈকতের চেহারা বদলে যেতে পারে।

ইউসি সান দিয়েগোর স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির উপকূলীয় ভূ-আকৃতিবিদ অ্যাডাম ইয়াং সম্প্রতি টামারাক বিচ পরিদর্শন করেছেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী, যেখানে আগে বালুময় সৈকত ছিল সেখানে এখন পাথরের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। সৈকতের দক্ষিণ অংশে কোথাও কোথাও সমুদ্র প্রায় পুরো বালুর অংশই গ্রাস করেছে।

সমুদ্রের ঢেউ এখন এমন জায়গায় পৌঁছাচ্ছে যেখানে আগে দর্শনার্থীরা সৈকতের কাছাকাছি গাড়ি পার্ক করতেন।

অ্যাডাম ইয়াং বলেন, উপকূল রক্ষায় রাজ্য ও স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে বাড়িঘর ও অবকাঠামো শক্তিশালী করা, সৈকতে নতুন করে বালি যোগ করা এবং পাথর ব্যবহার করে বালিয়াড়ির মতো প্রতিরোধক কাঠামো তৈরির উদ্যোগ থাকতে পারে।

তবে তার মতে, উপকূল ক্ষয়ের ক্ষেত্রে সবার জন্য একই ধরনের কার্যকর সমাধান নেই। হাজার বছর ধরে উপকূল ক্ষয় একটি প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবে চলে আসছে। কিন্তু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় মানুষের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে এখন সেই প্রাকৃতিক প্রক্রিয়ার ক্ষতির মাত্রা আরও বড় হয়ে দেখা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan