

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার স্থানীয় সময় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই প্রধানমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বর্তমান সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন দুই নেতা। একই সঙ্গে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করার বিষয়ে তাঁর সরকারের আগ্রহের কথা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক সুবিধার ভিত্তিতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে পাকিস্তানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন শাহবাজ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশকে অভিনন্দনও জানান তিনি। একই সঙ্গে জাতিসংঘের লক্ষ্য ও কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশের উদ্যোগের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে তাঁর সরকারের আগ্রহের কথা জানান। দুই পক্ষই বিদ্যমান ইতিবাচক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি যোগাযোগব্যবস্থা, শিক্ষা, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের পক্ষ থেকে আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়।
দুই প্রধানমন্ত্রী শুধু দ্বিপক্ষীয় বিষয়েই সীমাবদ্ধ থাকেননি; আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও তাঁদের মধ্যে মতবিনিময় হয়েছে। একই সঙ্গে বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে দুই দেশের সমন্বয় অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন তাঁরা।
বিশেষ করে জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।
বাসসের প্রতিবেদনে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন দুই প্রধানমন্ত্রী।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ব্যস্ত কর্মসূচির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকটি দুই দেশের বর্তমান সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে শীর্ষ পর্যায়ের আলোচনার একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে সামনে এসেছে।