
রাষ্ট্রপতির নাম বা পদবির আগে ‘মহামান্য’ এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’সহ কোনো ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কার্যক্রম ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ লেখা যাবে না।
সরকারের এ সিদ্ধান্ত বুধবার থেকেই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীনস্থ দপ্তরগুলোকে পরিপত্রের নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এর ফলে সরকারি দাপ্তরিক চিঠিপত্র, নথি ও রাষ্ট্রীয় কাজে সংশ্লিষ্ট পদগুলোর নাম ব্যবহারের ক্ষেত্রে এখন থেকে কোনো সম্মানসূচক বিশেষণ যুক্ত করা যাবে না।