
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের সংসদ সদস্য হওয়ার পথ আরও এক ধাপ এগিয়েছে। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনটিতে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে এলিজা জামান ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়ন বৈধ হওয়ায় তিনিই বর্তমানে আসনটির একমাত্র প্রার্থী।
তবে আইনগত প্রক্রিয়া ও আপিল নিষ্পত্তির নির্ধারিত সময় শেষ হওয়ার পর প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা অতিক্রম করলে তাকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
এর আগে রাজধানীর মিরপুরে রড দিয়ে ভাঙচুরের একটি ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। তার পদত্যাগের পর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে।
পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্তে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়।
সবশেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে তার সংসদ সদস্য হওয়ার প্রক্রিয়া আরও এগিয়েছে। নির্ধারিত আইনি আনুষ্ঠানিকতা শেষ হলে সংরক্ষিত নারী আসনটিতে নতুন সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব নেওয়ার পথ সুগম হবে।