
রাজধানীর মিরপুর ১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়ার এক দিন পরও বন্ধ হয়নি শিশুদের টিকাদান কার্যক্রম। ভবনের ভেতরে জায়গা না থাকায় সড়কের পাশে ত্রিপল টানিয়ে অস্থায়ীভাবে টিকা দেওয়া হচ্ছে।
শনিবার সকাল থেকে সেন্টারের মূল ফটকের বাইরে টেবিল-চেয়ার বসিয়ে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের হামসহ নিয়মিত টিকা দেওয়া শুরু করেন প্রতিষ্ঠানটির স্বাস্থ্যকর্মীরা।
দুপুরে সরেজমিনে দেখা যায়, সেন্টারের প্রবেশপথে ব্যানার টানিয়ে টিকাদানের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বসেছেন কর্মীরা। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মায়েরা শিশুদের নিয়ে সেখানে আসছেন। তবে খোলা জায়গায় এভাবে টিকাদান করায় শিশুদের পাশাপাশি তাদের অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদেরও নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
দেড় বছর বয়সী মেয়ে হালিমাকে টিকা দিতে নিয়ে আসা এক মা জানান, বাড়ির কাছেই হওয়ায় এর আগেও তিনি সন্তানকে এই কেন্দ্র থেকে টিকা দিয়েছেন। তাই এবারও পরিচিত কেন্দ্রেই মেয়েকে টিকা দিতে নিয়ে এসেছেন।
ইসরাত নামে আরেক নারী বলেন, তাঁর মেয়ের আগামী মাসে টিকা দেওয়ার কথা রয়েছে। আগের টিকাও রাড্ডা সেন্টার থেকেই দেওয়া হয়েছিল। তাই পরবর্তী টিকা এখান থেকে দেওয়া হবে কি না, তা জানতে তিনি এসেছিলেন। কেন্দ্রের কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন, পরবর্তী সময়েও টিকাদান চালু থাকবে।
তবে অস্থায়ী পরিবেশে টিকা দিতে এসে ভোগান্তির কথা জানিয়েছেন অনেক অভিভাবক। তিন মাস বয়সী মেয়েকে নিয়ে আসা আয়েশা বেগম বলেন, আগেরবার ঘরের ভেতরে বসেই টিকা দেওয়া হয়েছিল। এবার বাইরে অপেক্ষা করতে হচ্ছে। গরমের মধ্যে শিশুটি অস্বস্তিতে পড়ছে এবং কান্নাকাটি করছে।
রাড্ডা সেন্টারের কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী হাম নিয়ন্ত্রণে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি নিয়মিত টিকাও দেওয়া হচ্ছে। শনিবার সকাল থেকে কর্মসূচি শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত তা চালানোর কথা রয়েছে। দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ১২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাম প্রতিরোধে টিকাদান অব্যাহত রাখা হয়েছে। সেন্টারের আশপাশের শিশুদের টিকা পেতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য বর্তমান পরিস্থিতির মধ্যেও তাঁরা সেবা চালু রাখার চেষ্টা করছেন।
তিনি আরও জানান, শিশুদের সংখ্যা বিবেচনায় নিয়ে সেন্টারের বাইরে খালি জায়গায় অস্থায়ীভাবে টিকাদানের ব্যবস্থা করা হয়েছে। সেখানে কার্যক্রম চললেও কেন্দ্রের অন্যান্য স্বাস্থ্যসেবা আপাতত আগের মতো পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
এদিকে বৃহস্পতিবার রাতে মিরপুরের এই বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনার পরদিনও শিশুদের টিকাদান কার্যক্রম চালু রাখায় সড়কের পাশের অস্থায়ী স্থানটিই এখন সেবার প্রধান ভরসা হয়ে উঠেছে।