
শারদীয় দুর্গোৎসবের আনন্দে মুখর রাজধানী ঢাকা। প্রতিমা দর্শন, প্রার্থনা, ছবি তোলা, ঢাকের বাদ্য আর নাচ-গানে মহাষ্টমীকে ঘিরে পূজামণ্ডপে মণ্ডপে তৈরি হয়েছে উৎসবের আবহ। পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে পূজামণ্ডপে ছুটছেন ভক্ত ও দর্শনার্থীরা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি চলছে আনন্দ ভাগাভাগি ও স্মৃতি ধরে রাখার আয়োজন।
সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজার মহাষ্টমী। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হওয়ার কথা কুমারীপূজা। অন্যদিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৭টা ৫৫ মিনিট থেকে ৮টা ৪৩ মিনিটের মধ্যে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা সন্ধিপূজা। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের আয়োজন রয়েছে।
এর আগে রোববার বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে সনাতন সমাজকল্যাণ সংঘের পূজামণ্ডপেও দেখা যায় উৎসবমুখর পরিবেশ। চলতি বছর সপ্তমীর তিথি দুই দিনে পড়ায় অনেকেই রোববারও মহাসপ্তমী উদ্যাপন করেন। তবে ওই মণ্ডপে শনিবারই সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল বলে জানান পুরোহিত অবিনাশ চক্রবর্তী।
বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মণ্ডপে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। কেউ রিকশা বা সিএনজিচালিত অটোরিকশায়, কেউ ব্যক্তিগত গাড়ি কিংবা মাইক্রোবাসে করে পরিবারের সদস্যদের নিয়ে আসেন। আবার অনেকে ফার্মগেট মেট্রোস্টেশনে নেমে হেঁটে পৌঁছান পূজামণ্ডপে।
মণ্ডপে প্রবেশ করেই অনেককে মা দুর্গার প্রতিমার সামনে প্রণাম করতে দেখা যায়। কেউ প্রণামি দিয়ে নীরবে প্রার্থনা করেন, কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে দেবীর কাছে মনের কথা জানান। এরপর শুরু হয় ছবি তোলা ও সেলফি তোলার পালা। পূজার গান, ঢাকের বাদ্য আর শিশুদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ।
গতকাল খামারবাড়ির পূজামণ্ডপে বড় বোন ও ভগ্নিপতির সঙ্গে এসেছিলেন পূজা ভৌমিক। প্রতিমার সামনে প্রণাম শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন তিনি।
পূজা বলেন, গত বছর পরীক্ষার ব্যস্ততায় দুর্গোৎসবের আনন্দ ঠিকভাবে উপভোগ করতে পারেননি। এবার চাকরিতে যোগ দিলেও ছুটি পাওয়ায় উৎসবের আনন্দ থেকে নিজেকে দূরে রাখতে চাননি। পরিবার ও বন্ধুদের সঙ্গে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে প্রতিমা দর্শন করছেন তিনি। তিন দিনে ৩০টিরও বেশি মণ্ডপে গিয়েছেন বলেও জানান পূজা।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঢাকের বাদ্যে আরও প্রাণবন্ত হয়ে ওঠে উৎসবের পরিবেশ। ঢাকের তালে নাচতে দেখা যায় দর্শনার্থীদের। কেউ স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন, কেউ আবার দাঁড়িয়ে উপভোগ করেন সেই দৃশ্য। ধর্মীয় আচার, প্রতিমা দর্শন ও সাংস্কৃতিক আয়োজন মিলিয়ে মণ্ডপজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
কৃষিবিদ ইনস্টিটিউশনের এই মণ্ডপে টানা ৩৬ বছর ধরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করছেন পুরোহিত অবিনাশ চক্রবর্তী। দেবী দুর্গার কাছে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, মায়ের কাছে আমাদের চাওয়া, তিনি যেন এই পৃথিবীর সবাইকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। এই ধরা যাতে আরও সুন্দর হয়। মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, বন্ধন ও সম্প্রীতি যাতে আরও বাড়ে।
ধর্মীয় বিশ্বাস, পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে প্রতিবছরের মতো এবারও দুর্গোৎসব ঘিরে রাজধানীতে তৈরি হয়েছে উৎসবের আবহ। মহাষ্টমীর বিশেষ পূজা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গার আরাধনায় অংশ নিচ্ছেন। প্রার্থনায় উঠে আসছে সুস্থতা, নিরাপত্তা, শান্তি এবং মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধির প্রত্যাশা।